দেশের অধিকাংশ এলাকায় আজ সোমবার বৃষ্টির সম্ভাবনা কম। তবে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, দেশের বেশিরভাগ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির প্রবণতা তুলনামূলক কম থাকবে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে ৪ থেকে ৭ অক্টোবরের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। এর প্রভাবে ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বৃষ্টিপাতের প্রভাব কমে আসতে পারে।

ফলে আগামী কয়েক দিনে বৃষ্টির প্রবণতা আরও কমে আবহাওয়া ক্রমেই শুষ্ক হয়ে উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।