সরকার একযোগে ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। সোমবার (২৮ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং জনস্বার্থে সরকারি চাকরি আইন অনুযায়ী তাদের অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মাজেদুর রহমান খান, আবুল ফজল মীর, আসলাম হোসেন, মঈনউল ইসলাম, মোহাম্মদ দাউদুল ইসলাম, মো. শাহরিয়ার, কাজী আবু তাহের, এ জেড এম নুরুল হক, মো. মিজানুর রহমান, মোহাম্মদ ইলিয়াস হোসেন, এ কে এম মামুনুর রশিদ, নাজিয়া শিরিন, সুলতানা পারভীন, আনার কলি মাহবুব, মোহাম্মদ হেলাল হোসেন, এস এম আব্দুল কাদের, এস এম ফেরদৌস ও গোপাল চন্দ্র দাশসহ মোট ৩২ জন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অবসরে পাঠানো অধিকাংশ কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের আমলে জেলা প্রশাসক (ডিসি), রিটার্নিং কর্মকর্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। তাদের অনেকেই ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

এর আগে সাম্প্রতিক সময়ে তিন দফায় পুলিশের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক কর্মকর্তাকেও বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

সরকারি চাকরি আইনে ২৫ বছর চাকরি পূর্ণ হলে জনস্বার্থে যে কোনো কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিধান রয়েছে।