বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে গবেষণা খাতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ (এনএসটি) পাচ্ছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এর ১৭ জন শিক্ষার্থী। মন্ত্রণালয়ের উপসচিব ফেরদৌস আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তিনটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে মেধা ও গবেষণাগত উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে তারা এ ফেলোশিপ অর্জন করেন। যার মধ্যে জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানে ৬ জন , খাদ্য ও কৃষি বিজ্ঞানে ৩ জন এবং ভৌতবিজ্ঞানে ৮ জন শিক্ষার্থী এই ফেলোশিপ পান।

ফেলোশিপপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী ৫৪ হাজার টাকা করে আর্থিক অনুদান পাবেন।

১৯৭৭-৭৮ অর্থবছর থেকে গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও উৎসাহিত করতে ভৌত বিজ্ঞান, জীব ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষি বিজ্ঞান, এই তিনটি ক্যাটাগরিতে শিক্ষার্থী ও গবেষকদের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান করে আসছে সরকার।

প্রতিবছর নির্ধারিত কমিটির মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি ও পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের আবেদন যাচাই-বাছাই এবং সাক্ষাৎকারের ভিত্তিতে এই ফেলোশিপ প্রদান করা হয়।