হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশায় ঠাকুরগাঁও জেলা এখন তীব্র শীতের কবলে। বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে শীতের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। সীমিত আয়ের মানুষ, দিনমজুর ও ছিন্নমূল পরিবারগুলোর জন্য এই শীত যেন এক কঠিন পরীক্ষা। এমন সময় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন আব্রুয়ান ফাউন্ডেশন।

শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর ও বেগুনবাড়ি ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ি সরকারপাড়ায় আব্রুয়ান ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে ১৮০টি জ্যাকেট, ৫০টি কম্বল, ৬৫টি শিশুদের সোয়েটার ও ৬৫টি টুপি বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগী মানুষদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্রæয়ান ফাউন্ডেশনের প্রতিনিধি আসাদুস জামান বাবু। এ সময় আরও উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, মনিরুজ্জামান নাহিদ, জিন্নাত আলী রাজুসহ স্থানীয় সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার মধ্য দিয়েই শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব।

শুধু শীতবস্ত্র বিতরণই নয়, দীর্ঘদিন ধরেই আব্রুয়ান ফাউন্ডেশন বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে নিয়মিতভাবে হুইলচেয়ার বিতরণ, পবিত্র রমজান মাসে অসহায় পরিবারের মাঝে রমজান সামগ্রী বিতরণসহ নানামুখী সেবামূলক কার্যক্রম তাদের কাজের অংশ। এসব উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে সংগঠনটি।

আব্রুয়ান ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাওয়াই তাদের মূল লক্ষ্য।

শীতের এই দুঃসময়ে আব্রুয়ান ফাউন্ডেশনের এমন উদ্যোগ নিঃসন্দেহে ঠাকুরগাঁওয়ের মানবিক কর্মকান্ডে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।