আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন। নির্বাচনের প্রস্তুতি হিসেবে আজ সোমবার (২২ ডিসেম্বর) এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই প্রভাবশালী প্রার্থী।

​চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান আজ বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেন।

​মনোনয়নপত্র সংগ্রহের সময় তার সাথে মিরসরাই উপজেলা ও উত্তর জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— সাবেক সদস্য সচিব সালাউদ্দিন সেলিম, লায়ন আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, দিদারুল আলম মিয়াজী, গাজী নিজাম উদ্দিন এবং উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম। এছাড়াও যুবদল, ছাত্রদল ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাকে সমর্থন জানান।

​একই দিনে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সোমাইয়া আক্তারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ছাইফুর রহমান।

​মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির, সেক্রেটারি মাওলানা আনোয়ারুল্লাহ আল মামুন, জোরারগঞ্জ থানা আমির নুরুল হুদা হামিদী এবং প্রার্থীর সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে সালমা। এছাড়াও শিবিরের উপজেলা সভাপতি সাকিব হোসেনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

​দীর্ঘদিন পর বড় দুই দলের প্রার্থীদের সরব উপস্থিতিতে মিরসরাইয়ের সাধারণ ভোটার ও নেতাকর্মীদের মাঝে নির্বাচনী আমেজ লক্ষ করা যাচ্ছে। প্রতীক বরাদ্দের আগেই প্রার্থীরা নিজেদের শক্ত অবস্থান জানান দিতে শুরু করেছেন। ভোটারদের প্রত্যাশা, একটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।