হবিগঞ্জের আজমিরীগঞ্জে রাজনৈতিক পরিচয়ের কারণে হামলা ও বসতবাড়িতে অগ্নিসংযোগের শিকার হওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুমের ওপর। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন কুশিয়ারা নদী পার হওয়ার সময় তাঁর নৌকায় হামলা চালানো হয় বলে জানা যায়। প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে কচুরিপানার নিচে আশ্রয় নেন তিনি। ওই রাতেই তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলেও অভিযোগ রয়েছে।
আব্দুল কাইয়ুম আজমিরীগঞ্জ উপজেলার ২ নম্বর বদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব পিটুয়ারকান্দি গ্রামের কাবিল হোসেনের ছেলে। ২০১৭ সালে তিনি আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদ লাভ করেন। এরপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন বলে জানা যায়।
২০২৪ সালের ৫ আগস্ট কুশিয়ারা নদী পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাঁর নৌকায় হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে কোপানোর চেষ্টা করা হয়েছে বলে জানা যায়। প্রাণ বাঁচাতে তিনি নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়ে থাকেন বলে জানান তার বাবা কাবিল হোসেন।
আব্দুল কাইয়ুমের বাবা জানান, ওই দিন রাতেই তাঁর বাড়িতে আগুন দেওয়া হয়। এতে বসতভিটা পুড়ে যায় বলে দাবি করা হয়েছে। তবে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কোনো মামলা, সাধারণ ডায়েরি করতে থানায় গেলেও তৎকালীন সময়ে থানা উনার অভিযোগ পত্র গ্রহন করেনি বলে অভিযোগ করেন তিনি।
আব্দুল কাইয়ুমের দেওয়া মামলাসংক্রান্ত তথ্য অনুযায়ী, সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানায় দায়ের করা দুটি মামলায় তাঁকে আসামি করা হয়েছে।
প্রথমটি হলো কোতোয়ালী মডেল থানার মামলা নম্বর ০৬, জি.আর. নম্বর ২৭১, তারিখ ৫ জুন ২০২৫। এ মামলায় তাঁকে ১৭২ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানানো হয়েছে।
দ্বিতীয়টি হলো একই থানার মামলা নম্বর ০২, জি.আর. নম্বর ৩০৪, তারিখ ২ জুলাই ২০২৫। এ মামলায় তাঁকে ১৪৯ নম্বর আসামি করা হয়েছে বলে দেওয়া তথ্যে উল্লেখ রয়েছে।
স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে আব্দুল কাইয়ুমকে এলাকায় দেখা যাচ্ছে না। তাঁর অনুপস্থিতি নিয়ে স্বজন ও পরিচিতজনদের মধ্যে উদ্বেগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
