বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষ্যে “সমুদ্রে মানবাধিকারের পর্যালোচনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে ইউনিভার্সিটি অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করে সেন্টার ফর মেরিটাইম পলিসি স্টাডিজ (CMPS)।

​সেমিনারে আন্তর্জাতিক জলসীমায় মানবাধিকার সুরক্ষা ও তার বাস্তব প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা উল্লেখ করেন, পৃথিবীর প্রায় ৭০ শতাংশ জলরাশিতে কর্মরত ও ভ্রমণকারী মানুষের অধিকার প্রায়ই উপেক্ষিত থাকে। এই বাস্তবতা থেকে বেরিয়ে আসতে CMPS মানবাধিকারকে উপকূলের সীমানার বাইরে নিয়ে যাওয়ার আহ্বান জানায়।

​আলোচকরা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও সমুদ্র আইনের মধ্যকার সমন্বয়কে আরও শক্তিশালী করার গুরুত্বের ওপর জোর দেন, যাতে সমুদ্রগামী মানুষের আইনি নিরাপত্তা নিশ্চিত হয়।

​অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এস. এম. তাসমিরুল ইসলাম বক্তব্য রাখেন। তিনি পূর্ববর্তী সরকারের আমলে গুমের বিভিন্ন ঘটনা এবং গুমের শিকার পরিবারগুলোর দুর্ভোগের কথা তুলে ধরেন। তিনি একইসঙ্গে শেখ হাসিনার আমলে বিচারবহির্ভূত আটক, জুডিশিয়াল কিলিং এবং গুমের মতো ঘটনা ঘটেছে বলেও জানান।

​নর্দান ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন ড. মুহাম্মদ ফয়জ-উদ-দিন আইনি কাঠামোর সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিপিং এডমিনস্ট্রেশন অনুষদের ডিন কমডোর মোঃ আতিকুর রহমান সমুদ্রে মানবাধিকার নিশ্চিন্তে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের সমুদ্রের নানা বিষয়ে সচেতন হতে উদ্বুদ্ধ করেন।

​এছাড়াও আলোচনা করেন জেলা ও দায়রা জজ মাসউদুর রহমান, মেরিটাইম গভর্নেন্স এন্ড পলিসি অনুষদের ডিন কমডোর এম. মামুনুর রশিদ, মেরিটাইম ল এন্ড পলিসি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম এবং মেরিটাইম ল এন্ড পলিসি বিভাগের প্রভাষক সাইয়েদ জাকারিয়া বকশ ইমরান।

​আলোচনা শেষে উন্মুক্ত সংলাপ পর্বে অংশগ্রহণকারীরা সমুদ্র ও স্থল উভয়ক্ষেত্রে মানবাধিকার রক্ষায় আরও কার্যকর নীতি গ্রহণের ওপর সুপারিশ প্রদান করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন যে সমুদ্রভিত্তিক মানবাধিকার সুরক্ষায় এই আয়োজন ভবিষ্যতে নীতিনির্ধারণ ও গবেষণায় নতুন দিক তৈরি করবে।