জলবায়ু সংকট ও অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় অবিলম্বে একটি বাস্তবভিত্তিক জাতীয় জ্বালানি নীতি (National Energy Policy) প্রণয়নের দাবি জানিয়েছেন নাগরিক সমাজ, পরিবেশ ও জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলেছেন, দেশের বর্তমান বাস্তবতা বিবেচনায় এ মূহুর্তে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের বিকল্প নেই। সোমবার রাজধানীর সামরিক জাদুঘরে বাংলাদেশ জ্বালানি সম্মেলন ২০২৫-এর সমাপনী দিনে এ কথা বলেন বক্তারা।
এদিন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ১৩ দফা দাবি সম্বলিত একটি নাগরিক ইশতেহার উপস্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সাধারণ সম্পাদক নজরুল হক প্রধান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর যুগ্ম সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সাধারণ সম্পাদক (ঢাকা দক্ষিণ) মঞ্জুর মঈন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার প্রমুখ।
উক্ত সম্মেলনে ইশতেহারটি পাঠ করে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডব্লিউজিইডি) এর নির্বাহী সদস্য মনোয়ার মোস্তাফা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬-এর সন্ধিক্ষণে দাঁড়িয়ে নাগরিক সমাজের প্রতিনিধিদের পক্ষে এই ইশতেহার উপস্থাপন করে ঘোষণা করেন যে দেশের ভবিষ্যৎ সরকার ও সব রাজনৈতিক দলকে এসব দাবি বাস্তবায়নে বাধ্যতামূলক ও সুস্পষ্ট রাজনৈতিক অঙ্গীকার গ্রহণ করতে হবে।
তারা আরও বলেন, আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রতিটি দলের নির্বাচনী ইশতেহারে এই নাগরিক দাবিনামা অবিলম্বে ও স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা অপরিহার্য। বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডব্লিউজিইডি) এর সদস্য সচিব হাসান মেহেদী বলেন, “প্রতি বছর আমরা ১২–১৩ বিলিয়ন ডলার ব্যয় করি বিদ্যুৎ কেনার জন্য। আমরা কীভাবে এখান থেকে বের হয়ে স্বয়ংসম্পূর্ণ হতে পারি, সেই প্রত্যাশা আমাদের থাকতে হবে।”
বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “ন্যায্য রূপান্তর এখন আর কোনো তাত্ত্বিক ধারণা নয়, এটি জাতির জন্য একটি মৌলিক রাজনৈতিক ও অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
দুর্ভাগ্যজনকভাবে আমলাতন্ত্রের জটিল চক্রে পড়ে অনেক রাজনীতিবিদ পথ হারিয়ে ফেলেন, ফলে কথা কথাই রয়ে যায়। বৈশ্বিক প্রভাব ঠেকানো কঠিন, কিন্তু অসম্ভব নয়। এসব সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা প্রকৃতির ওপর যত বেশি অত্যাচার করছি, ন্যায্য রূপান্তর থেকে আমরা ততটাই দূরে সরে যাচ্ছি।
এই ভয়ংকর বাস্তবতা থেকে বেরিয়ে আসতে হলে রাজনীতি, রাষ্ট্র ও জনগণকে একসাথে দায়িত্ব নিতে হবে। আমরা ন্যায়সঙ্গত রূপান্তরের পক্ষে রাজনৈতিক অঙ্গীকার হিসেবে ঘোষিত ৩১ দফার মধ্যে ১৮, ২৯ ও ৩১ নম্বর দফায় জ্বালানি ও অবকাঠামো খাতে স্বচ্ছতা নিশ্চিতকরণ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিকল্পিত আবাসন ও নগরায়ণ, এই তিনটি বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান জাতির সামনে তুলে ধরছি।”
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, “আমরা ভালো কিছুর আশা করি, কিন্তু বাস্তবে এগিয়ে চলে সবচেয়ে ভয়াবহ অনিয়মের রাজনীতি। তাই রাজনৈতিক ইশতেহারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট বন্ধের স্পষ্ট দাবি যথাযথ বলে মনে করছি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে স্বীকৃত লুণ্ঠন চলছে, তার হোতাদের জবাবদিহিতার আওতায় আনতে শক্ত সংস্কার ও বিশেষ ট্রাইবুন্যাল গঠন এখন সময়ের দাবি।”
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সাধারণ সম্পাদক (ঢাকা দক্ষিণ) মঞ্জুর মঈন বলেন, “জ্বালানিখাতে আমদানি নির্ভরতা কমানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের মূল লক্ষ্য হলো দেশের জ্বালানির শক্তি নিরাপত্তার পথে উত্তরণ নিশ্চিত করা। আমরা বহুমুখী ও সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে স্থায়ী সমাধান চাই। তবে রাজনীতিতে গুণগত পরিবর্তন ছাড়া এসব বাস্তবায়ন সম্ভব নয়।”
গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, “জ্বালানি রুপান্তর এখন কেন্দ্রীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রকৃতির ওপর গুরুত্ব দিতে চাই, যেখানে মানুষ কেবল একটি অংশ। ন্যায় বলতে আমরা শুধু মানুষের মধ্যে থাকতে চাই না, অনুজীব থেকে শুরু করে প্রকৃতির সবকিছুর ন্যায় নিশ্চিত করতে হবে। রাজনীতিকে আরও গণতান্ত্রিক ও বিকেন্দ্রীভূত করতে পারলে আমরা এই ধরনের সমস্যার সমাধান করতে সক্ষম হব।”
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, “গণমুখী জ্বালানি নীতি তৈরির জন্য একটি শক্তিশালী আন্দোলন দরকার, যেখানে জনবল প্রধান স্টেকহোল্ডার। গত বছর প্রদত্ত ১.৭২ লক্ষ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ ছিল এক বিশাল লুন্ঠন। আমরা যে ধরনের জ্বালানি ব্যবস্থা গড়তে চাই, সেখানে নাগরিক সংগঠন এবং রাজনৈতিক দল উভয়কেই অংশ নিতে হবে। আমাদের দল আপনাদের এই ইশতেহারে পূর্ণ সমর্থন জানাই।”
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর যুগ্ম সাধারণ সম্পাদক রেজাকুজ্জামান রতন বলেন, “বাংলাদেশে ২০০৮ সালে যে নবায়নযোগ্য শক্তি (RE Policy) নীতি প্রণয়ন করা হয়েছিল, তার মাত্র পাঁচ ভাগের এক ভাগের লক্ষ্যই আমরা অর্জন করতে পেরেছি। বৈশ্বিক তাপমাত্রা যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে করে আমাদের উচিত জ্বীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়া।”
উক্ত আলচনার সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ এর গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, “আমরা আশা করি যে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও জোট জ্বালানি ও বিদ্যুৎ খাতের সবুজ ও ন্যায্য রূপান্তর নিশ্চিত করবে।
এই খাতটিকে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ীকরণ, জনগণের অধিকার প্রতিষ্ঠা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার জন্য আমাদের দাবিসমূহ নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেবে। এখন প্রয়োজন বিদ্যুৎ ও জ্বালানিখাতে গুণগত বিনিয়োগ, যার সর্বোত্তম ক্ষেত্র হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। পাবলিক প্রক্রিউরমেন্ট এ স্বচ্ছতা জরুরি।”
