গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে নাজমুল করিম খানকে সরকারি কর্ম থেকে বিরত রাখা প্রয়োজন ও সমীচীন মনে হওয়ায় সরকারি চাকরি আইনের বিধান অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

এর আগে চলতি বছরের আগস্টে নাজমুল করিম খানের বিরুদ্ধে সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াতের অভিযোগ ওঠে। এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। পরবর্তীতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ১ সেপ্টেম্বর তাকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের পদ থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে যুক্ত করা হয়।

দুই মাসের ব্যবধানে এবার তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের এই সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।