নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে দ্রুত আদেশ জারির দাবিতে অনড় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। এ লক্ষ্য সামনে রেখে দলটি একদিকে মাঠের কর্মসূচি জোরদার করছে, অন্যদিকে সরকারের সঙ্গে আলোচনার চেষ্টা চালাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার জামায়াত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চেয়েছে। তবে এখনো তার কার্যালয় থেকে সময় নির্ধারণ করা হয়নি।

জামায়াতের দাবি, গণভোট আয়োজনে দেরি হলে পুরো প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়বে। এজন্য এখনই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি জরুরি। এক শীর্ষ নেতা বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। নির্বাচনে অংশগ্রহণ অসম্ভব হলে প্রতিরোধমূলক কর্মসূচিতে যেতে বাধ্য হব।’

দলটির অভিযোগ, লন্ডন বৈঠকের পর সরকারের কয়েকজন উপদেষ্টার প্রভাবে সরকারপ্রধান বিএনপির প্রতি ঝুঁকেছেন। তাদের মতে, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন, আরপিও সংশোধনসহ সাম্প্রতিক সিদ্ধান্তগুলো বিএনপির দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

গণভোটের সময় ও ধরন নিয়েও বিএনপি ও জামায়াতের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। বিএনপি চায় জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হোক, অন্যদিকে জামায়াত আলাদা সময়ে গণভোট আয়োজনের পক্ষে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই, নির্বাচনের দিনই গণভোট হবে।’
অপরদিকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘একই দিনে নির্বাচন ও গণভোট সংস্কার বাস্তবায়নকে গুরুত্বহীন করে দেবে।’

তিনি আরও জানান, দলটি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চায় এবং রাষ্ট্রসংস্কারে ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর পূর্ণ বাস্তবায়ন প্রত্যাশা করে। ‘এ পথে কেউ বাধা সৃষ্টি করলে আমরা মাঠে থাকব,’ যোগ করেন তাহের।