জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনকে “অপ্রয়োজনীয় ও অযৌক্তিক” বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন,‘প্রধান উপদেষ্টা ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তাই এর আগে গণভোট আয়োজন সময় ও ব্যয়ের দিক থেকে বাস্তবসম্মত নয়। নির্বাচন আয়োজনের জন্য বিপুল জনবল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যয় প্রয়োজন হয়—তাই নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সম্পূর্ণ অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত।’

তিনি অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশসমূহ একপেশে ও পক্ষপাতদুষ্টভাবে প্রণয়ন করা হয়েছে, যেখানে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত ও ‘নোট অব ডিসেন্ট’-এর কোনো প্রতিফলন নেই।তার মতে, ‘এইসব সুপারিশ জাতিকে ঐক্যের পরিবর্তে বিভক্ত করবে এবং জাতীয় জীবনে দীর্ঘমেয়াদে অকল্যাণ ডেকে আনবে।’

বিএনপি মহাসচিব আরও বলেন,‘সংবিধান সংস্কার পরিষদ নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে গণভোটে অনুমোদিত বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে—এমন প্রস্তাব সম্পূর্ণ হাস্যকর ও গণতান্ত্রিক রীতির পরিপন্থী। কোনো বিল কেবল সংসদে পাস ও রাষ্ট্রপতির অনুমোদনের পরই আইনে পরিণত হতে পারে।’

তিনি আরও জানান, বিএনপি তাদের ৩১ দফা, ২৭ দফা এবং ভিশন–২০৩০–এ গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে, যা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ।ফখরুল দাবি করেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সম্মত কিছু প্রস্তাব পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে।

যেমন—বঙ্গবন্ধুর ছবি সরকারি-বেসরকারি অফিসে টানানোর বিধান বাতিল ও সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদের তফসিলগুলো বিলুপ্ত করার বিষয়ে ঐকমত্য থাকা সত্ত্বেও চূড়ান্ত সনদে তা সংশোধন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।