জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে গতকাল শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাব্বীর আহমদ এবং সদস্য সচিব আলতাফুর রহমান আলতাফ।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার হরণ করা দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের দমননীতি গণতন্ত্র ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। অন্তর্বর্তী সরকারের এমন আচরণ নব্য ফ্যাসিবাদের নগ্ন বহিঃপ্রকাশ—যা দেশে গণতান্ত্রিক পরিবেশকে আরও সংকটের দিকে ঠেলে দেবে।

বিবৃতিতে তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং গণতান্ত্রিক রাজনীতির অনুকূল পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।