সতেরো বছরের অপেক্ষা, অসংখ্যবার কাছে যাওয়া, একের পর এক আশাভঙ্গের গল্প—সব কিছুর অবসান ঘটতে পারে আজ রাতে। আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো, ‘হোলি ট্রিনিটি’র এক সদস্য ছুঁতে চলেছে সেই বহু কাঙ্ক্ষিত ট্রফি।

আইপিএলের প্রথম আসর থেকে খেলে আসছে—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি), পাঞ্জাব কিংস (পিবিকেএস) এবং দিল্লি ক্যাপিটালস (ডিসি)। তবে তাদের আরেকটি পরিচিতি—কোনো শিরোপা নেই।

এ তিন দলকে নিয়েই গড়ে উঠেছে সামাজিক মাধ্যমে পরিচিত একটি টার্ম, ‘আইপিএলের হোলি ট্রিনিটি’।
তবে এবার এই বিদ্রূপপূর্ণ খেতাব থেকে মুক্ত হতে যাচ্ছে একটি দল। কারণ আজ মঙ্গলবার (৩ জুন) ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হলো পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস টস জিতে ব্যাটিংয়ে পাঠিছে  আরসিবিকে।

আরসিবি না পাঞ্জাব—যেই জিতুক, এক দল তো ঠিকই পাবে বহু বছরের অপেক্ষার পর প্রথম শিরোপার স্বাদ।

পাঞ্জাব হারলে সমর্থকদের জন্য এটা হতে পারে আরেকটা মৌসুম শেষে শূন্য হাতে ফিরে আসা। প্রতি মৌসুমেই একটা নতুন শুরু, নতুন অধিনায়ক, নতুন আশা—তবে শেষটা সেই একইরকম।

আরসিবির জন্য, এটি হতে পারে আরেকটি ফাইনালে হার। এর আগে তিনবার ফাইনালে হেরেছে দলটি।

তবে এবারকার দলটি কিছুটা ভিন্ন। ব্যাট-বলের ভারসাম্য, তারকাদের সঙ্গে ছায়া চরিত্রদের যোগ, শুরুর ঝলক আর শেষের গভীরতা—সব ছিল। কিন্তু যদি ফলটা সেই পুরনো পরিচিত হয়?
আরসিবির হার সবচেয়ে হৃদয়বিদারক হবে বিরাট কোহলির জন্য। আরও একবার দুর্দান্ত পারফরম্যান্স, আইপিএলে রেকর্ড অষ্টমবার—৫০০ এর বেশি রান।

গেলো ১২ মাসে টি২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, আর টেস্ট থেকে আবেগঘন বিদায়।

১৮ নম্বর জার্সিধারী এই কিংবদন্তির জন্য কি তবে ১৮ তম আইপিএল মৌসুমও ট্রফিবিহীনই থাকবে?
সব মিলিয়ে এমন ফাইনাল বিরল। একদিকে ঐতিহাসিক আনন্দের হাতছানি, অন্যদিকে হৃদয়ভাঙা হতাশার গল্প। দুই দলের একজন পৌঁছাবে গন্তব্যে, আর অন্যজন থেকে যাবে শুরুতেই।

আজ রাতে, একদিকে শেষ হবে দীর্ঘ প্রতীক্ষার গল্প—অপরদিকে লেখা হবে আরেকটি বেদনার নতুন অধ্যায়।