মঙ্গলবার (১৫ এপ্রিল) পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটিতে সর্বোচ্চ উইকেট শিকারির খেতাব হিসেবে রিশাদ দখলে নিলেন ফজল মাহমুদ ক্যাপ। আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি পেয়ে থাকেন পার্পল ক্যাপ। আর পিএসএলে মেরুন রঙের ক্যাপ। তবে সে ক্যাপের নাম ফজল মাহমুদ ক্যাপ।
পিএসএলে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছেন রিশাদ। দুই ম্যাচেই জয়ের দেখা পেয়েছে তার দল লাহোর কালান্দার্স। বল হাতে দুই ম্যাচেই দারুণ ভূমিকা রেখেছেন তিনি। গত রোববার কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে অভিষেক হয় তার। ওই ম্যাচে তার দল জিতেছিল ৭৯ রানে। ম্যাচটিতে ৪ ওভার বল করে ৩১ রান খরচায় দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছিলেন রিশাদ।
আরোও পড়ুন: অভিষেক শর্মার এক সেঞ্চুরি, একগাদা রেকর্ড
মঙ্গলবার (১৫ এপ্রিল) করাচি কিংসের বিপক্ষে ৬৫ রানের ব্যবধানে জিতেছে লাহোর। এই ম্যাচেও দলের সবচেয়ে সফল বোলার ছিলেন তিনি। ৪ ওভার বল করে মাত্র ২৬ রান খরচায় ৩ উইকেট নেন তিনি।
দুই ম্যাচ মিলিয়ে তার উইকেট সংখ্যা গিয়ে দাঁড়ালো ৬। আসরে অবশ্য ২ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আছেন পাকিস্তানের আব্রার আহমেদও। তবে ইকোনমি রেটে তিনি রিশাদের চেয়ে পিছিয়ে আছেন। রিশাদের যেখানে ওভারপ্রতি খরচ ৭.১২, সেখানে আব্রারের খরচ ৯.৩৭। লাহোরের পরবর্তী ম্যাচ ২২ এপ্রিল মুলতান সুলতান্সের বিপক্ষে।
