নতুন মোড় নিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার ভূখণ্ডে ঢুকে পড়েছে হাজার হাজার ইউক্রেনীয় সেনা। হঠাৎ করে এমন সামরিক পদক্ষেপে কিছুটা অপ্রস্তুত হয়ে গেছে রাশিয়া। তারা কার্স্ক অঞ্চল থেকে বেসামরিকদের সরিয়ে নিতে শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইতোমধ্যে রাশিয়ার ৩০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনের বাহিনী। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়া পুরো মাত্রায় হামলা শুরুর পর এ প্রথম দেশটির এতটা ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনীয় বাহিনী।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ-মাত্রায় রুশ আক্রমণ শুরু করার পর থেকে এটিই রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে গভীর এবং সবচেয়ে উল্লেখযোগ্য অনুপ্রবেশ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বাহিনী টোলপিনো এবং ওবশচি কোলোদেজ গ্রামের কাছে ইউক্রেনীয় সেনাদের মুখোমুখি হয়েছে। অন্যদিকে কার্স্ক অঞ্চলে ইউক্রেনীয় আক্রমণ ষষ্ঠ দিনে গড়িয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া অন্যদের কাছে যুদ্ধ নিয়ে গেছে এবং এখন সেটা তাদের কাছে ফিরে এসেছে। অন্যদিকে রুশ নেতা ভ্লাদিমির পুতিন এই হামলাকে ‘বড় ধরনের উসকানি’ হিসেবে অভিহিত করেন এবং রুশ বাহিনীকে তাদের ভূখণ্ড থেকে ‘লাথি দিয়ে শত্রুদের বের করে দেওয়ার’ নির্দেশ দেন।
