কুড়িগ্রামের নাগেশ্বরীর উপজেলার কচাকাটা থানার সীমান্তে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বিপুল পরিমানের সরকারি জন্ম নিয়ন্ত্রণ বড়ি (সুখি বড়ি) আটক করেছে বিজিবি। আটককৃত এসব বড়ির মূল্য প্রায় ৬০ লাখ টাকা। এসময় ১শ লিটার ডিজেলও আটক করে বিজিবি।
বিজিবি ও জয়মনিরহাট শুল্ক গুদাম সূত্রে জানা যায়, রংপুর ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্য নায়েক রফিকুল ইসলামের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টা দিকে কুড়িগ্রাম ২২-বিজিবি’র অধীনে মাদারগঞ্জ বিওপি ক্যাম্প সদস্যরা এসব ঔষধ ডিজেল আটক করে।

মাদারগঞ্জ বিওপি কমান্ডার দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ভারতে পাচার কালে বল্লভেরখাষ ইউনিয়নের জালিয়ার চর এলাকার আন্তর্জাতিক সীমানার মেইন পিলারের ১০৩৩এর ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তর হতে এসব জন্ম নিয়ন্ত্রণ বড়ি ও ডিজেল আটক করা হয়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গঙ্গাধর নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। আটক বড়ির পরিমান ৯৯ হাজার ৯শ পাতা। যার মূল্যমান ৫৯ লাখ ৯৮ হাজার ২০০টাকা। এসব বড়ির পাতা ১০টি বস্তায় প্যাকেট করা ছিল।

অপরদিকে আটক ৪টি ছোট ড্রামে থাকা ডিজেলের পরিমাণ ১০০লিটার। যার বাজার মূল্য ৮হাজার টাকা। আটক জন্ম নিয়ন্ত্রণ বড়ি ডিজেলের মোট মূল্য ৬০লাখ ৬হাজার ২০০টাকা। আটক বড়ি ও ডিজেল বুধবার ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট শুল্ক গুদামে জমা দেয়া হয়।
এ ব্যাপারে কুড়িগ্রামের ২২-বিজিবির মাদারগঞ্জ বিওপি কমান্ডার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া জন্ম নিয়ন্ত্রণ বড়িসহ ডিজেল আটক করা গেলেও চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত সবকিছু জয়মনিরহাট শুল্ক গুদামে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারীর জয়মনিরহাট শুল্ক গুদামের সহকারী রাজস্ব কর্মকর্তা ফরিদ উদ্দিন আহম্মেদ বিজিবি কর্তৃক জন্ম নিয়ন্ত্রণ বড়ি ও ডিজেল হস্তান্তরের বিষিয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত মামলা শেষে জব্দকৃত এসব ঔষধ ধ্বংস করার ব্যবস্থা নেয়া হবে।