কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথর বোঝাই একটি বেপরোয়া ট্রাকের চাপায় আপেল হোসেন (৩৪) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। দূর্ঘটনাটি ঘটে, শনিবার সন্ধ্যার দিকে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থল বন্দর সড়কের সোনাহাট রেল সেতুর পশ্চিম পাড়ে। নিহত আপেল হোসেন উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের তেলের পাম্প সংলগ্ন এলাকার আমির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় আপেল হোসেন মোটর সাইকেল যোগে সোনাহাট থেকে বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যা পোনে ৭টার দিকে সোনাহাট রেল সেতুর পশ্চিম পাড়ে পৌঁছলে পিছন দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক (রংপুর মেট্রো-ট-১১০০১৭) পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনি মোটর সাইকেলসহ ট্রাকের নীচে চলে যান এবং মারাত্মক ভাবে রক্তাক্ত হয়ে আহত হন। এসময় স্থানীয়রা আপেলকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করলেও ড্রাইভার কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে হাসপাতালে আনার পথেই দূর্ঘটনায় আহত ব্যক্তি মারা যান। এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
