সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলে ও এসএসসি পরীক্ষার্থীদের অনেকটাই জিম্মি করে ৫ দফা দাবিতে সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা কর্মবিরতি শেষ পর্যন্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সোমবার রাত ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় দু’ঘন্টা সিলেট বিভাগীয় কমিশনারের আহবানে তার আলমপুরস্থ কার্যালয়ে পরিবহন শ্রমিকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ পরিবহন সেক্টরের বিভিন্ন স্তরের মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের সাথে কথা বলে জানা গেছে, বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের উত্থাপিত ৫ দফা দাবী অচিরেই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে শ্রমিক নেতৃবৃন্দ তাদের ডাকা কর্মবিরতি আগামী ৫ জানুয়ারী পর্যন্ত স্থগিত ঘোষণা করেন।

বৈঠক শেষে ট্রাক শ্রমিক নেতা আবু সরকার বলেন, প্রশাসনের পক্ষ থেকে আমাদের ৫ দফা দাবী বাস্তবায়নে আশ্বাস দেওয়ায় আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিলাম।

এদিকে পরিবহন শ্রমিকদের ডাকা এই কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। শুধু তাই নয় এসএসসি পরীক্ষা থাকায় শিক্ষার্থীরাও এ পরিবহন ধর্মঘটে অনেকটাই যেন জিম্মি হয়ে পড়েন। চরম কষ্ট ও দুর্ভোগ নিয়ে তাদেরকে নানা উপায়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয়েছে।

কর্মবিরতি চলাকালে নগরীর উত্তর ও দক্ষিণ সুরমার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট সরেজমিন ঘুরে দেখা গেছে, পরিবহন শ্রমিকরা চরম নৈরাজ্যকর পরিস্থিতি তৈরী করে কর্মবিরতি পালন করছেন।

সড়ক মহাসড়কে লাঠি-সোটা নিয়ে তারা বিভিন্ন প্রাইভেট যানবাহনকেও বাধা দিচ্ছে। কোথাও কোথাও চালককে মারধর ও যাত্রীদের লাঞ্ছিত করেছে।

শ্রমিকদের দাবিগুলো হচ্ছে- সিলেট জেলা অটোটেম্পু, অটোরিকশা চালক শ্রমিক জোট (রেজি নং: ২০৯৭)-এর ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা, ‘প্রহসনের নির্বাচন’ ও ‘বিনা প্রতিদ্ধন্ধিতায়’ ঘোষিত কমিটি বাতিল করা ও মনোনয়ন ফি বাবত আদায়কৃত সকল টাকা ফেরত প্রদান, সিলেটের আঞ্চলিক শ্রম দফতরের উপপরিচালককে প্রত্যাহার, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং: বি-১৪১৮) নেতৃবৃন্দের উপর দায়েরকৃত মামলাসমূহ প্রত্যাহার, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সকল প্রকার হয়রানি বন্ধ, মেয়াদ উত্তীর্ণ শেরপুর, শেওলা, লামাকাজী, শাহপরাণ ও ফেঞ্চুগঞ্জ সেতু থেকে টোল আদায় বন্ধ এবং চৌহাট্টাসহ নগরীর বিভিন্ন স্থানে কার, মাইক্রোবাস, লেগুনা, সিএনজি অটোরিকশসহ সকল প্রকার গাড়ির পার্কিং ব্যবস্থা করা।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৩