সিলেটের বিশ্বনাথে অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধারের পর ২৪ ঘণ্টার মধ্যে এক মাদক বিক্রেতার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার দেওকলসে অন্তঃসত্ত্বা নারী ও বুধবার দশঘরে মাদক বিক্রেতার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটের বিশ্বনাথে বুধবার (১৭ নভেম্বর) এনামুল হক (৩৫) নামের এক গাড়ি চালকের ক্ষতবিক্ষত লাশ তার বাড়ির সামনের রাস্তা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এনামুল উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী পূর্বপাড়া গ্রামের মো. ইসাক আলীর ছেলে। লাশ উদ্ধারের সময় তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান এ বিষয়ে বলেন, ধারণা করা যাচ্ছে- অজ্ঞাত ব্যক্তিরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। নিহত যুবক চিহ্নিত মাদক বিক্রেতা ও মাদক সেবনকারী। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে, সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের পুরান সৎপুর গ্রামে পুকুর থেকে এক অন্তঃসত্ত্বার লাশ উদ্ধার করা হয়েছে। সোনিয়া বেগম (২০) নামের ওই গৃহবধু গ্রামের সাবুল মিয়ার স্ত্রী। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকালে তার লাশ উদ্ধার করেন বাড়ির লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়না দন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
স্থানীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার দুপুর থেকে খোঁজ মিলছিলো না আট মাসের অন্তঃসত্ত্বা সোনিয়া বেগমের। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের মধ্যে সোনিয়ার কাপড় ভাসতে দেখা যায়। পরে বাড়ির লোকজন তার নিথর দেহ উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এটি হত্যা না দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।
