কাল থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। সিলেট বিভাগে এবার এএসসিতে পরীক্ষার্থী বেড়েছে ৪ হাজার ৭৬১ জন। এবার বিভাগে মোট ১ লাখ ২১ হাজার ১৩১ জন পরীক্ষার্থী অংশ নেবে।

গত বছর সিলেট বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১৬ হাজার ৩৭০ জন। এছাড়া সারাদেশে পরীক্ষায় অংশ নেবে মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব খালেদা আক্তার স্বাক্ষরিত এসএসসি পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করা হয়। সময়সূচি অনুযায়ী সকালের পরীক্ষা ১০টা থেকে সাড়ে ১১টা এবং বিকালের পরীক্ষা বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সময়সূচির বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এক্ষেত্রে এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনও বিরতি থাকবে না। সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ও বিকেলে দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা ১০টায় এবং বিকেলের পরীক্ষা শুরু হবে ২টায়।

পরীক্ষার বিশেষ নির্দেশনায় জানানো হয়, করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সংক্ষিপ্ত সিলেবাসে এবার একজন শিক্ষার্থীকে নৈর্বাচনিক তিনটি বিষয়ের পরীক্ষা দিতে হবে। আবশ্যিক পরীক্ষা এই বছর হবে না। সূচিতে প্রকাশিত বিষয়গুলোর মধ্যে যার যে নৈর্বানিক বিষয় রয়েছে সে ওই বিষয়ের পরীক্ষা দেবে। তবে একজনকে নৈর্বাচনিক তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে।

সিলেট শিক্ষাবোর্ড সূত্র জানা গেছে, এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯১৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ২১ হাজার ১৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫৩ হাজার ৯৪০ জন ও ছাত্রী ৬৭ হাজার ১৯১ জন। গেল বছর অনুষ্ঠিত পরীক্ষায় ছাত্র ছিল ৪৯ হাজার ৯৫৩ জন ও ছাত্রী ৬৬ হাজার ৪১৭ জন।

পরীক্ষায় সিলেট জেলায় ৩৫৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ গ্রহণ করছে ৪৩ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৯ হাজার ৭২৫ জন ও ছাত্রী ২৩ হাজার ৭৯২ জন।

সুনামগঞ্জ জেলার ২১৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৬ হাজার ৪৫৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ১২ হাজার ৩১৫ জন ও ১৪ হাজার ১৪৪ জন ছাত্রী।

মৌলভীবাজার জেলায় ১৮৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৬ হাজার ৭৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তাদের মধ্যে ছাত্র ১১ হাজার ১৩৫ জন ও ছাত্রী ১৫ হাজার ৬০৬ জন।

হবিগঞ্জ জেলায় ১৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করছে ২৪ হাজার ৪১৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৭৬৫ জন ও ছাত্রী ১৩ হাজার ৬৪৯ জন।

এবার বিজ্ঞান বিভাগ থেকে ২১ হাজার ৬২৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে ছাত্র ১০ হাজার ৬ জন ও ছাত্রী ১১ হাজার ৬২৩ জন। মানবিক বিভাগে অংশগ্রহণ করবেন ৮৯ হাজার ৯৪৪ জন পরীক্ষার্থী।

কাল ১৪ নভেম্বর রোববার প্রথমদিন শুধু সকালে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ নভেম্বর সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং বিকেলে হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৬ নভেম্বর সকালে রসায়ন (তত্ত্বীয়) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ নভেম্বর সকালে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। ২১ নভেম্বর সকাল ও বিকেলে যথাক্রমে ভুগোল ও পরিবেশ এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২২ নভেম্বর সকালে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান (ঐচ্ছিক) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর শেষদিনে সকালে পৌরনীতি ও নাগরিকতা এবং অর্থনীতি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেলে ব্যবসায় উদ্যোগ বিষয়ে পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের এসএসসি পরীক্ষা।