সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক ও টমটমের চলাচল বন্ধে সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) সিলেট মহানগরীর আম্বরখানা, পাঠানটুলা, মদীনা মার্কেট ও ঘাসিটুলাসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। এছাড়া ২ মোটরসাইকেল আরোহীকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন সিসিকের ভ্রাম্যমাণ আদালত।
অপরদিকে, নগরীতে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে আরো ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২২টি মামলা ও ৬৬ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান।
অভিযানকালে সিলেট সিটি কর্পোরেশনের রাজস্ব ও লাইসেন্সসহ বিভিন্ন বিভাগ এবং শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
