করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। টানা চিকিৎসায় করোনাকে জয় করেছেন এ অভিনেত্রী। চিকিৎসকদের অনুমতি নিয়েই শুক্রবার (২১ মে) বাড়ি ফিরেছেন তিনি।

বেশ কিছুদিন ধরে সর্দি-জ্বরে ভোগার পর পরীক্ষা করালে করোনা পজিটিভ আসে সন্ধ্যা রায়ের। ৮০ বছর বয়সী এ অভিনেত্রীকে সার্বক্ষণিক নজরে রেখেছিলেন চিকিৎসকরা। চিকিৎসাধীন থাকাকালে তার অক্সিজেন স্যাচুরেশন ওঠানামা করেছে। ফলে উদ্বেগে ছিল পরিবার, চিন্তায় ছিল টলিউড।

জি ২৪ ঘণ্টার প্রতিবেদনে বলা হয়, ডা. প্রসূন মিত্রের তত্ত্বাবধানে ছিলেন সন্ধ্যা রায়। সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় ডাক্তারের সঙ্গে ছবিও তুলেন অভিনেত্রী। সেটি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে হাসপাতালের পোশাকে দেখা গেছে সন্ধ্যা রায়কে। কপালে বড় লাল টিপ, বিজয় চিহ্ন দেখিয়ে পোজ দিয়েছেন তিনি।

অভিনেত্রীর সুস্থতায় স্বস্তি ফিরেছে টলিউডে। পরিবারের পাশাপাশি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকে। সন্ধ্যা রায় ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করেছেন তার ভক্তরা।