আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রর্থীকে হারিয়ে পৌরসভার মেয়র নির্বাচিত হলেন এক কলেজের নৈশ্যপ্রহরী। শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত তৃতীয় ধাপের নির্বাচনে তিনি রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার মেয়র নির্বাচিত হন। নবনির্বাচিত এই মেয়রের নাম সাইদুর রহমান।

নির্বাচনে তিনি ৬১ ভোটে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়েছেন। সাইদুর রহমান মুন্ডুমালা মহিলা ডিগ্রি কলেজের নৈশ্যপ্রহরী পদে চাকরি করেন। ১৫ দিনের ছুটি নিয়ে তিনি ভোটে এসেছিলেন। নৈশ্যপ্রহরী হলেও আওয়ামী লীগে সক্রিয় ছিলেন সাইদুর। মুন্ডুমালা পৌর আওয়ামী লীগে তার পদ ছিল সাংগঠনিক সম্পাদক।

সাইদুর রহমান মেয়র পদে নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। না পেয়ে পদত্যাগের ঘোষণা দেন। নির্বাচনে থাকায় পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে বহিষ্কারের কথাও জানানো হয়। করোনাকালে এলাকার মানুষের পাশে থেকে জনপ্রিয়তা সাইদুর রহমান।

নির্বাচনে সাইদুর রহমান জগ প্রতীকে ৫ হাজার ৪৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন আমিন পেয়েছেন ৫ হাজার ৩৯৮ ভোট। বিএনপির প্রার্থী ফিরোজ কবির ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৩৮১ ভোট।

শনিবার রাতে মুন্ডুমালার নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. কামরুজ্জামান। শনিবার রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভারও নির্বাচন অনুষ্ঠিত হন। রাতে এখানকার ভোটের ফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ ফজলুর রহমান।

তিনি জানান, কেশরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শহিদুজ্জামান শহিদ। নৌকা প্রতীকে ১০ হাজার ৯১৪ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। শহিদ কেশরহাট পৌরসভায় টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন।

এবার নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী প্রভাষক খুশবর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩২৫ ভোট। মেয়র পদে অপর দুই স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান আকন্দ জগ প্রতীকে ১ হাজার ২৭০ ভোট এবং নারিকেল গাছ প্রতীকে রুস্তুম আলী প্রামাণিক পেয়েছেন ২৭ ভোট।