করোনা উপেক্ষা করে চলতি মৌসুমে ব্যাপক হারে মিঠাপানির গলদা চিংড়ি চাষ হলেও দাম না পেয়ে হতাশ নড়াইলের চিংড়ি উৎপাদনকারী ঘের মালিকরা। স্থানীয় ক্রেতাদের দাবি, সিন্ডিকেটের কারণে ভালো দামে চিংড়ি বিক্রি করতে না পেরে তাঁরাও লোকসান গুনছেন। মিঠাপানির চিংড়ি উৎপাদনে দেশের পঞ্চম স্থানে থাকা এই জেলায় আগামীতে রপ্তানিযোগ্য এই পণ্য উৎপাদন ব্যাহত হওয়ার আঙ্কা দেখা দিয়েছে।

দেশের বৈদেশিক মুদ্রা আয়ের একটি বড় খাত চিংড়ি। এ কারণে দিনদিন নড়াইলে গলদা চিংড়ি চাষ জনপ্রিয় হয়ে উঠছে। করোনার মধ্যেই জেলার কয়েক হাজার চিংড়ি ঘেরে এ বছর প্রচুর পরিমাণে গলদা চিংড়ির চাষ হয়েছে। মাছের আকার দেখে চাষিরা খুশি হলেও আড়তে দাম না পেয়ে হতাশ হচ্ছেন তারা।

চাচুড়ী এলাকার ঘের মালিক তৌরুত মোল্যা বলেন, গত বছর সাতটি কেজির যে চিংড়ি বিক্রি করেছি ১৫০০ টাকা। এ বছর তা বিক্রি করতে হচ্ছে সাড়ে ৯০০ টাকায়, কেজিপ্রতি প্রায় ৫০০ টাকা কমে বিক্রি করছি। এভাবে চলতে থাকলে আগামীতে চিংড়ি চাষ করা কঠিন হয়ে পড়বে।

একই এলাকার আরেক চিংড়িচাষি খসরু বলেন, করোনার মধ্যে সব কাজ বাদ দিয়ে যে মাছ উৎপাদন করলাম, তা দেখে খুবই ভালো লাগছে। কিন্তু দাম যা পাচ্ছি তাতে কষ্ট হচ্ছে। মাছের খাবার, জন- সব কিছুর দাম বাড়তি। কেন চিংড়ির দাম পড়ে গেল তা বুঝতে পারলাম না।

জেলার বাঁশগ্রাম, চাচুড়ী, মির্জাপুর, তুলারামপুর, মাইজপাড়াসহ বিভিন্ন আড়তে প্রতিদিন মণকে মণ চিংড়ি এলেও মাছ কিনে লোকসান গুনছেন ব্যাপারীরা। আড়তগুলোতে প্রতিদিন শত শত মণ মাছ কেনাবেচা হলেও ব্যাপারীরা হতাশ।

এ বছর মাছের উৎপাদন বেশি হওয়ায় নতুন করে কয়েকটি এলাকায় আড়ত বসেছে। বাঁশগ্রাম বাজারে নতুনভাবে প্রতিষ্ঠিত একটি আড়তে গড়ে দৈনিক ৩০/৪০ মণ মাছ আসছে। এসপি মৎস্য আড়তের মালিক তরুণ উদ্যোক্তা শফিউল আজম পাশা বলেন, এলাকায় গলদা চিংড়ির উৎপাদন বেশি হয়েছে। তবে এ বছর কম্পানিগুলোর কারণে চিংড়িচাষি কিংবা ব্যাপারী কেউ-ই লাভবান হচ্ছে না।

স্থানীয় বাঁশগ্রামের মাছ ক্রেতা শরীফুল ইসলাম বলেন, আমরা এখান থেকে মাছ কিনে তা খুলনা আর চট্টগ্রাম পাঠাই। সেখান থেকে কম্পানির লোকরা যে দাম দেয়, তা-ই নিতে বাধ্য হই। বর্তমানে কম দামে মাছ কিনেও তাতে প্রতি কেজিতে ৫০ টাকা লোকসান গুনতে হচ্ছে।

সরজন নামের আরেক ব্যাপারী বলেন, গত কয় মাসে আমি ৫০ মণ মাছ কিনে চট্টগ্রামে পাঠাইছি। এ পর্যন্ত আমার প্রায় পাঁচ লাখ টাকা লোকসান হয়েছে। সিন্ডিকেট করে একটি মাত্র কম্পানি মাছ কিনছে, তারা যে দাম দেয় তা-ই নিতে হয় বাধ্য হয়ে। এ বছর মাছে প্রচুর লোকসান হচ্ছে।

জেলা মৎস্য অফিসের হিসাবে, গত ২০১৯ মৌসুমে জেলায় মোট দুই হাজার ৩২৭ হেক্টর এলাকায় গলদা চাষ হয়েছে। পাঁচ হাজার ৫৯১টি ঘেরে দুই হাজার ৬৯০ মেট্রিক টন গলদা চিংড়ি উৎপাদন হয়েছে। যার সবই রপ্তানিতে চলে গেছে। চলতি মৌসুমে গলদা চিংড়ি উৎপাদনের পরিমাণ গত বছরের চেয়ে বেশি হবে। প্রায় পাঁচ হাজার চাষি আর শ্রমিক মিলে প্রায় ৩০ হাজার লোক চিংড়ি চাষের এই জীবিকার সঙ্গে জড়িত।

নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা মো. ফারুকুল ইসলাম বলেন, করোনায় সরকারি সহজ ঋণের কারণে উৎপাদন ভালো হয়েছে। চিংড়িতে ইউরোপের বাজার খোলা থাকলেও কম্পানিগুলো সিন্ডিকেট করেছে। জেলায় সরাসরি রপ্তানিকারকের মাধ্যমে মাছ ক্রয়ের ব্যবস্থা না থাকায় চাষিরা দাম পাচ্ছে না।

প্রান্তিক পর্যায়ে বাজারব্যবস্থা উন্নত করে সরাসরি রপ্তানিকারকের কাছে মাছ বিক্রি করতে পারলে রুপালি সোনা নামে খ্যাত এই রপ্তানিপণ্যের উৎপাদন আরো বৃদ্ধি পাবে।