মৌলভীবাজার বড়লেখায় অবৈধভাবে টিলা কেটে মাটি পরিবহনের দায়ে দুইজন ট্রাক ও ট্রাক্টর চালককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা। এসময় ট্রাক চালক আব্দুল মুমিন ও ট্রাক্টর চালক তোয়েল আহমদকে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামে প্রভাবশালীরা অবৈধভাবে প্রাকৃতিক টিলা কেটে মাটি বিক্রি করছিল। খবর পেয়ে বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা পুলিশ নিয়ে সেখানে অভিযান চালান। এসময় টিলা কেটে মাটি পরিবহনের দায়ে ট্রাক চালক আব্দুল মুমিন ও ট্রাক্টর চালক তোয়েল আহমদকে আটক করা হয়। পরে তাদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার হালদার প্রমুখ সহায়তা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা অবৈধভাবে টিলা কাটার অপরাধে দুইজন পরিবহণ চালককে জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবেশরক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
