জাতিসংঘে “রাজনৈতিক ভাইরাস” ছড়ানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছে চীন।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কোভিড-১৯ মহামারি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রশ্নে ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বেইজিংকে জোরালোভাবে আক্রমণ করে বক্তব্য দেন। এর পরই চীন ট্রাম্পকে দায়ী করে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝং জুন সাংবাদিকদের বলেন,যখন আন্তর্জাতিক সম্প্রদায় কোভিড-১৯ মোকাবেলায় আন্তরিকভাবে লড়াই করছে তখন যুক্তরাষ্ট্র জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রাজনৈতিক ভাইরাস ছড়াচ্ছে।

তিনি আরও বলেন,এ ব্যাপারে আমি জোর দিয়ে বলতে পারি- যুক্তরাষ্ট্রের বক্তব্য সাধারণ পরিষদের স্বাভাবিক পরিবেশের সাথে একেবারেই বেমানান।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে ট্রাম্প বিশ্বব্যাপী কোভিড-১৯ ছড়িয়ে পড়ায় বেইজিংকে দায়ী করে তাদের কঠোর সমালোচনা করেন এবং এ ভাইরাসকে তিনি “চীন ভাইরাস” নামে অভিহিত করেন।

ট্রাম্প এ মহামারি ছড়িয়ে পড়া প্রশ্নে বারবার চীনকে দায়ী করে আসছে। এ ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ইতোমধ্যে ২ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় এ সংখ্যা অনেক বেশি।