বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনের সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে শুরু হওয়া এ সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টায়।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে স্পেশাল এয়ার ক্রাফটে ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা পৌঁছাবেন। তবে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন আনুষ্ঠানিকভাবে ১৭ সেপ্টেম্বর সকাল ১০টা ৪৫ মিনিটে বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে শুরু হবে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নেবেন। বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও বিজিবি সদর দফতরের সংশ্লিষ্ট স্টাফ অফিসাররা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন।
সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ছয় সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশ নেবেন। ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।
আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সীমান্ত সম্মেলন শেষে বিএসএফ প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করবেন।
উল্লেখ্য, এই সীমান্ত সম্মেলন ঢাকায় ১৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিমানের কারিগরি সমস্যার কারণে বিএসএফের প্রতিনিধি দল ওই তারিখে সম্মেলনে যোগ দিতে পারেনি। ফলে পিছিয়ে যায় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক (ডিজি) পর্যায়ের সম্মেলন।
