বরিশালে রাতের বেলায় পরিবারসহ সিটি মেয়রের ছবি তোলায় তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছ। রবিবার অভিযুক্ত ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মামুনুর রশীদ নোমানী, নলছিটির দপদপিয়া ইউনিয়ন যুবলীগের কথিত সাংগঠনিক সম্পাদক কামরুল মৃধা ও তাদের সহযোগী লাবু গাজী।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, গত শনিবার রাত ১টার দিকে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ তার স্ত্রী-সন্তানদের নিয়ে কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকায় বেড়াতে যান। এ সময় অভিযুক্তরা অনুমতি ছাড়া অসৎ উদ্দেশ্যে গোপনে তাদের ভিডিও ধারণ করেন। বিষয়টি টের পেলে ওই তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে ধরে ফেলে।
ওসি আরও বলেন, এ ঘটনায় ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদ মান্না বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তিনজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
