ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চৌমুহনী বিলে আগুনে পুড়ে গেছে কৃষক মোহাম্মদ জাহাঙ্গীরের ৩৫ শতক জমির পাকা আমন ধান ও খড়। গত ২৩ নভেম্বর শেষ রাতে দুর্বৃত্তদের দেওয়া এই আগুনে শুধু ফসল নয়, ধারদেনা শোধ ও সংসারের সচ্ছলতা ফেরানোর শেষ সম্বলটুকুও হারিয়ে এখন দিশেহারা ওই কৃষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, এবার চৌমুহনী বিলে আমন ধানের বাম্পার ফলন পেয়েছিলেন জাহাঙ্গীর। ফসল কেটে বাড়িতে নেওয়ার সুবিধার্থে তিনি তা রাস্তার পাশে স্তূপ করে রেখেছিলেন। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা স্তূপে আগুন ধরিয়ে দেয়। ভোরে গিয়ে পোড়া ছাই দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি।
ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘সারা বছরের পরিশ্রমের ফসল দিয়ে ধারদেনা পরিশোধ করার কথা ছিল। সব শেষ হয়ে গেল। ঘটনাটি কারা ঘটিয়েছে, তা খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হোক। একই সঙ্গে ঘুরে দাঁড়াতে প্রশাসনের কাছে সহায়তা চাই।’
ঘটনাটিকে কৃষকের ওপর চরম জুলুম হিসেবে দেখছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুল আলম বলেন, ‘ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন ঘটনা অত্যন্ত নিন্দনীয়। কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে রয়েছে এবং সাধ্যমতো সহায়তা করা হবে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।’
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, ‘এই আগুন কেবল ধানের স্তূপে লাগেনি, লেগেছে কৃষকের বুকে। আমরা তাঁর পাশে আছি এবং প্রয়োজনীয় সহযোগিতা দেব।’ তবে প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানা গেছে।
স্থানীয়দের মতে, দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করা না হলে কৃষকদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়বে এবং ক্ষতিগ্রস্ত পরিবারটির ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে।

মন্তব্য করুন