জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কূটনীতিক লানা নুসেইবেহর প্রার্থিতায় কার্যত ভেটো দিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স—এমন ধারণা করা হচ্ছে। সুদানে চলমান যুদ্ধে আমিরাতের সম্পৃক্ততা নিয়ে বিতর্কের জেরে দেশ দুটির এমন অবস্থান বলে মনে করা হচ্ছে।
শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নবম দফার অনানুষ্ঠানিক ভোটেও কোনো প্রার্থী চূড়ান্তভাবে এগিয়ে যেতে পারেননি। তবে ভোটের ফলাফলে সবচেয়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। তিনি পেয়েছেন ১০টি সমর্থনসূচক ভোট। কিন্তু নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন) মধ্যে দুটি দেশের বিরোধিতার কারণে তার নির্বাচিত হওয়ার পথ এখনো নিশ্চিত নয়।
জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের স্থলাভিষিক্ত নির্বাচনপ্রক্রিয়া ইতোমধ্যে ১০০ দিনের বেশি সময় ধরে চলছে, যা সংস্থাটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ নির্বাচনপ্রক্রিয়া। গুতেরেসের দ্বিতীয় মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। আগামী সপ্তাহে আবারও ভোট হওয়ার কথা রয়েছে।
গ্রিনস্প্যান স্থায়ী সদস্যদের বিরোধিতা কাটিয়ে উঠতে পারলে জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী মহাসচিব হওয়ার সুযোগ পাবেন তিনি। তাকে বিরোধিতা করা দেশ দুটি যুক্তরাষ্ট্র ও রাশিয়া বলে ধারণা করা হচ্ছে।
সর্বশেষ ভোটে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি। তিনি পেয়েছেন আটটি সমর্থনসূচক ভোট। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে তিনটি ভোট তার বিপক্ষে গেছে।
অন্যদিকে, নির্বাচনি দৌড়ে শেষ মুহূর্তে যুক্ত হওয়া আমিরাতের কূটনীতিক লানা নুসেইবেহ পেয়েছেন সাতটি সমর্থনসূচক ভোট। তবে স্থায়ী সদস্যদের তিনটি ভোট তার বিপক্ষে পড়েছে। যুক্তষ্ট্র ও রাশিয়ার সমর্থন থাকলেও যুক্তরাজ্য, ফ্রান্স ও চীনের বিরোধিতার কারণে তার প্রার্থিতা বড় ধরনের সংকটে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা।
সুদান সংঘাত নিয়ে বিতর্কে চাপে আমিরাতের প্রার্থী
নুসেইবেহর প্রার্থিতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা রয়েছে। এর অন্যতম কারণ সুদানের ভয়াবহ সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের কথিত ভূমিকা।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছে পাঠানো এক চিঠিতে দেশটির প্রায় ৭০ জন সংসদ সদস্য নুসেইবেহকে ‘বিশ্বাসযোগ্য প্রার্থী নন’ বলে উল্লেখ করেন। তাদের অভিযোগ, সুদানে সংঘটিত নৃশংসতার সঙ্গে আমিরাতের সম্পৃক্ততা নিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের একাধিক প্রতিবেদনের তথ্য তিনি বারবার অস্বীকার ও খাটো করে দেখিয়েছেন।
জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল ও বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) জন্য আমিরাত ভাড়াটে যোদ্ধা নিয়োগ এবং অস্ত্র সরবরাহ করেছে। দারফুরে এই বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রও আরএসএফের বিরুদ্ধে গণহত্যার দায় নির্ধারণ করেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে সংযুক্ত আরব আমিরাত।
এদিকে, জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থিতা বিবেচনায় নিয়ে আমিরাত সরকারের মন্ত্রীর দায়িত্ব থেকে সাময়িক ছুটি নিয়েছেন নুসেইবেহ। তিনি বলেছেন, জাতিসংঘের এই পদের জন্য যে স্বাধীনতা ও নিরপেক্ষতা প্রয়োজন, সে দায়িত্বের কথা বিবেচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, সুদানের ভয়াবহ সংঘাতই হবে নতুন মহাসচিবের সাফল্য যাচাইয়ের অন্যতম মাপকাঠি।
ভৌগোলিক পালাক্রমের যুক্তিতে চীনের আপত্তি
নুসেইবেহর বিরোধিতায় চীনের অবস্থানের পেছনে রয়েছে জাতিসংঘের মহাসচিব নির্বাচনে ভৌগোলিক পালাক্রম অনুসরণের অলিখিত রীতি। এই রীতি অনুযায়ী, বিশ্বের বিভিন্ন অঞ্চল পর্যায়ক্রমে মহাসচিবের পদ পাওয়ার সুযোগ পায়।
যদিও অতীতে একাধিকবার এই রীতি অনুসরণ করা হয়নি, তবে এবার লাতিন আমেরিকা বা ক্যারিবীয় অঞ্চলের কোনো প্রার্থীর দায়িত্ব পাওয়ার পালা বলে মনে করছে বেইজিং।
কীভাবে নির্বাচিত হন জাতিসংঘের মহাসচিব
জাতিসংঘের মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া মূলত নিরাপত্তা পরিষদ নিয়ন্ত্রণ করে। ১৫ সদস্যের এই পরিষদে পাঁচটি স্থায়ী সদস্যের পাশাপাশি ১০টি অস্থায়ী সদস্য রয়েছে।
কোনো প্রার্থীকে নির্বাচিত হতে হলে অন্তত নয়টি সমর্থনসূচক ভোট পেতে হয়। তবে শুধু সংখ্যাগরিষ্ঠতা পেলেই চলে না; পাঁচ স্থায়ী সদস্যের কোনো একটির বিরোধিতাও থাকা চলবে না। অর্থাৎ, স্থায়ী পাঁচ সদস্যের প্রত্যেকের সমর্থন পাওয়া কার্যত বাধ্যতামূলক।
ভোটের ক্ষেত্রে অস্থায়ী সদস্যরা সাদা ব্যালট এবং স্থায়ী সদস্যরা লাল ব্যালট ব্যবহার করেন। আনুষ্ঠানিকভাবে ভোটের বিস্তারিত প্রকাশ করা হয় না। তবে অনানুষ্ঠানিক বিভিন্ন সূত্রের মাধ্যমে ভোটের হিসাব প্রকাশ্যে আসে।
আন্তর্জাতিক শান্তি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের নির্বাহী কার্যালয়ের সাবেক কর্মকর্তা ড্যানিয়েল সাফরান-হন গ্রিনস্প্যানকে এ প্রতিযোগিতার ‘নিঃসন্দেহে এগিয়ে থাকা প্রার্থী’ হিসেবে বর্ণনা করেছেন।
তার মতে, গ্রিনস্প্যানকে এখনো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিরোধিতা কাটিয়ে উঠতে হবে। তবে অন্য প্রার্থীদের তুলনায় তার সামনে বাধা কম।
গ্রিনস্প্যান নিজের ইহুদি পারিবারিক ঐতিহ্যের কথা তুলে ধরে সংঘাতের অবসান ও শান্তি প্রতিষ্ঠার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। বর্তমানে তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বাধীন সংস্থাটি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দীর্ঘমেয়াদি দখলদারত্বের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।
নির্বাচিত হলে গ্রিনস্প্যান হবেন জাতিসংঘের প্রথম ইহুদি মহাসচিবও।
জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে গ্রিনস্প্যান বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুই শরণার্থী তার বাবা-মা কোস্টারিকার মতো একটি ছোট দেশে সম্মান ও মর্যাদা নিয়ে নতুন জীবন খুঁজে পেয়েছিলেন শান্তির কারণেই। তিনি বলেন, আমি সেই শান্তিরই সন্তান। শান্তি মানুষের জন্য কী সম্ভব করে তুলতে পারে, আমি তারই উদাহরণ।

মন্তব্য করুন