সিলেটের গোয়াইনঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, দুই নারীকে কুপিয়ে গুরুতর জখম, মারধর ও বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে ছয়জনের বিরুদ্ধে। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের নতুন ভাঙ্গা হাওর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মোস্তফার বোন মুমিনা বেগম (৫৫) ও স্ত্রী ফাহিমা বেগম (৪৫)। তাঁদের প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মোস্তফা (৫০) বাদী হয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ফুরকান আলী (৫২), হবিব (৬০), ইয়াছিন আলী (৪৪), আমিনুল ইসলাম (২৪), আসরাফুল ইসলাম (২২) ও মামুন আহমদ (২২)-এর নাম উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বাদী ও অভিযুক্তদের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে। বাদীর দাবি, মামলাটি বিচারাধীন থাকাবস্থায় আদালত বিরোধপূর্ণ জমি থেকে তাঁকে উচ্ছেদ না করা এবং তাঁর শান্তিপূর্ণ দখলে বাধা সৃষ্টি না করার বিষয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

অভিযোগে বলা হয়, সোমবার সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বসতবাড়ির উঠানে প্রবেশ করে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেন। এ সময় প্রতিবাদ করলে মুমিনা বেগমকে মারধর করা হয়। একপর্যায়ে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেওয়া হলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। লাঠি ও লোহার রড দিয়েও আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তাঁর বাম হাতের বৃদ্ধাঙ্গুলের নিচের অংশে গুরুতর আঘাত লাগে

এ সময় মুমিনা বেগমকে রক্ষা করতে এগিয়ে গেলে ফাহিমা বেগমকেও মারধর করা হয়। তাঁর চুলের মুঠি ধরে মাটিতে ফেলে লাথি মারার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেওয়া হয় বলে অভিযোগ করেছেন বাদী। এ ছাড়া তাঁর পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।

বাদীর আরও অভিযোগ, হামলাকারীরা তাঁর বসতঘরে প্রবেশ করে আসবাবপত্র, টিনের বেড়া ও চাল ভাঙচুর করে আনুমানিক এক লাখ টাকার ক্ষতিসাধন করে। এ সময় তাঁকেও মারধরের চেষ্টা করা হয় এবং পরবর্তীতে প্রাণনাশসহ মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়।

অভিযোগকারী মোস্তফা জানান, আহত দুই নারীকে হাসপাতালে ভর্তি ও চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।