জনসচেতনতামূলক প্রচারাভিযানে অংশ নেওয়ার জন্য কখনো পারিশ্রমিক নেননি বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। জনস্বার্থে পরিচালিত বিভিন্ন উদ্যোগে তারকাদের মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়ার বিষয়ে বোম্বে হাইকোর্টের মন্তব্যের পর নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।

‘হিন্দুস্তান টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দিয়া বলেন, জনস্বার্থে পরিচালিত কোনো প্রচারাভিযানে অংশ নেওয়ার জন্য তিনি কখনো অর্থ নেননি। অন্য তারকারা এ ধরনের কাজে কত পারিশ্রমিক নেন, সে বিষয়েও তাঁর ধারণা নেই।

এক দশকেরও বেশি সময় ধরে বায়ুদূষণ কমানোর পক্ষে কাজ করছেন দিয়া। তিনি বলেন, দূষণের মতো সমস্যার সমাধান সম্ভব। এ বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করা হলে তারকারা নাগরিক সমাজ ও সরকারের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী হবেন। তবে বাজি পোড়ানোর বিরুদ্ধে কথা বললেই তাঁকে আক্রমণের মুখে পড়তে হয় বলেও উল্লেখ করেন তিনি।

বায়ুদূষণ নিয়ে সচেতনতা তৈরিতে ধারাবাহিকভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়ে দিয়া বলেন, তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোতে নিয়মিত বায়ুর গুণমান সূচক বা একিউআইয়ের তথ্য তুলে ধরা হয়।

তিনি আরও জানান, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) বায়ুদূষণ মোকাবিলায় বিভিন্ন উদ্যোগের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়াতে কাজ করছে। তবে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবকে এ ক্ষেত্রে একটি বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন তিনি।