প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে ২১টি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি এবং একটি অভিপ্রায়পত্র সই হয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে এসব চুক্তি ও সমঝোতা সম্পন্ন হয়।
বুধবার (২৮ অক্টোবর) এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরকারি পর্যায়ে চারটি এবং বেসরকারি খাতে ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে। পাশাপাশি বাংলাদেশকে উপকূলীয় নিরাপত্তা জোরদারে সহায়তার জন্য ১৩ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলারের একটি অনুদান চুক্তি করেছে জাপান সরকার।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে দেশটিতে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরের মূল লক্ষ্য দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি, প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সুযোগ সম্প্রসারণ করা।
সংশ্লিষ্টদের মতে, সরকারি ও বেসরকারি পর্যায়ে এসব সমঝোতা বাস্তবায়িত হলে বিনিয়োগ, বাণিজ্য এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে। তবে সমঝোতাগুলোর প্রকৃত সুফল নির্ভর করবে সংশ্লিষ্ট উদ্যোগগুলোর বাস্তবায়ন ও পরবর্তী কার্যক্রমের ওপর।

মন্তব্য করুন