চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নেজাম উদ্দিন (৫০) নামে এক কৃষকের দুই হাত বিচ্ছিন্ন রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখিল গ্রামের কালিছড়ি ব্রিজ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর দুটি বিচ্ছিন্ন হাতও লাশের পাশে পড়ে ছিল।
নিহত নেজাম উদ্দিন সরফভাটা ইউনিয়নের মীরেরখিল স্লুইসগেট এলাকার রফু মিয়ার ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যহাতির আক্রমণ থেকে পাকা ধানখেত রক্ষা করতে মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে পাহারা দিতে বের হন নেজাম। বুধবার সকালে তিনি বাড়িতে না ফেরায় স্বজনেরা তাঁকে খুঁজতে বের হন। একপর্যায়ে ধানখেত থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি পাকা সড়কের মাঝখানে তাঁর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তাঁরা।
নিহতের ছোট ভাই জসিম উদ্দিন বলেন, তাঁর ভাই একজন নিরীহ কৃষক ও দিনমজুর ছিলেন। তাঁকে কেন এবং কী কারণে এভাবে হত্যা করা হয়েছে, তা তাঁরা বুঝতে পারছেন না।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে নেজাম উদ্দিনের দুই হাত কনুই পর্যন্ত বিচ্ছিন্ন করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান তিনি।
ওসি আরও বলেন, হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। বুধবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন