ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে বোমা হামলার হুমকির খবর ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দিল্লিতে তাঁর আসন্ন কনসার্ট ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে প্রশাসন।

আগামী ৩০ অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে দিলজিতের ‘অরা’ সফরের প্রথম ভারতীয় আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের মেয়রের কাছে পাঠানো একটি হুমকিমূলক ই-মেইলে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’ এবং দিলজিতের কনসার্টে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। আগামী ২৭ নভেম্বর মুম্বাইয়ে দিলজিতের আরেকটি কনসার্ট হওয়ার কথা রয়েছে।

হুমকির খবর সামনে আসার পর দিল্লির কনসার্টে দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে পুলিশ। আয়োজকদের আরও বেশি বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৪০০ জন নিরাপত্তারক্ষী মোতায়েনের পরিকল্পনা থাকলেও তা বাড়িয়ে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার করার প্রস্তাব রয়েছে।

প্রায় ৫৫ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটিতে প্রবেশ ও বের হওয়ার পথ বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্টেডিয়ামের আশপাশে যান চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনাও করছে প্রশাসন। অনুষ্ঠানস্থলের ৫০০ থেকে ৭০০ মিটার এলাকার মধ্যে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। নির্দিষ্ট কিছু এলাকায় শুধু শিল্পী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গাড়ি চলাচলের অনুমতি দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

দর্শকদের আরও কাছাকাছি পৌঁছাতে মঞ্চের সামনের র‌্যাম্প বড় করার পরিকল্পনা রয়েছে। তবে নিরাপত্তা পর্যালোচনা ও প্রয়োজনীয় অনুমোদনের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

চলতি বছরের বেশির ভাগ সময় ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ‘অরা’ সফর নিয়ে ব্যস্ত ছিলেন দিলজিৎ। এবার ভারতের দর্শকদের সামনে এই আয়োজন তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলেও কনসার্ট স্থগিত বা পিছিয়ে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।