ঢাকা-চট্টগ্রাম রুটে চার দশকেরও বেশি সময় ধরে চলাচল করা আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস এবার কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। আগামী ২৬ অক্টোবর সোমবার সন্ধ্যা ৮টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটির কক্সবাজারগামী যাত্রার উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এ তথ্য জানান।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর মহানগর এক্সপ্রেসের যাত্রা শুরু হয়। দীর্ঘদিন ধরে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে চলাচল করা ট্রেনটি দুই অঞ্চলের যাত্রীদের কাছে পরিচিত। রুট পরিবর্তনের ফলে এবার দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের সঙ্গে যুক্ত হচ্ছে ট্রেনটির চলাচল।
নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে মহানগর এক্সপ্রেস। ফিরতি যাত্রায় কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বর্তমানে ঢাকা–কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস চলাচল করছে। মহানগর এক্সপ্রেস যুক্ত হলে কক্সবাজার রুটে রেল যোগাযোগের পরিধি আরও বাড়বে।
সংশ্লিষ্টদের মতে, নতুন এই সংযোজনের ফলে পর্যটকদের পাশাপাশি স্থানীয় যাত্রীদেরও যাতায়াতের সুযোগ বাড়বে। একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে রেলপথে যোগাযোগ আরও সহজ হবে।

মন্তব্য করুন