সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপ হয়ে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে বানৌজা মোংলায় পৌঁছান তিনি।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে। সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন তিনি। পরে নলিয়ান থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন।

সফরসূচি অনুযায়ী, দুপুরে বিরতির পর মোংলায় ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন এবং সোয়া ৩টার দিকে প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। বিকেল সাড়ে ৩টায় অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

প্রধানমন্ত্রীর এ সফরে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল এবং এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা আশা করছেন, সফরের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে গতি আসবে, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

সফরের কর্মসূচি শেষে আজই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।