ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন সমীকরণের মুখে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পর ফাইনালের আশা টিকিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে শেষ লিগ ম্যাচে শুধু জয় নয়, বড় ব্যবধানে জিততে হবে টাইগারদের। পাশাপাশি উন্নতি করতে হবে নেট রান রেটেও।
সংযুক্ত আরব আমিরাতে চলমান এই সিরিজে বাংলাদেশের শুরুটা হয়েছিল হতাশাজনকভাবে। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট হয় বাংলাদেশ। বড় ব্যবধানে ওই পরাজয়ের ফলে দলের নেট রান রেট নেমে আসে মাইনাস ১.৯৮০-এ।
এরপর সোমবার (১৯ অক্টোবর) আফগানিস্তানের কাছে ১৫৮ রানে হারে জিম্বাবুয়ে। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে তৈরি হয়েছে কঠিন হিসাব-নিকাশ।
আগামী ২১ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালে ওঠার সম্ভাবনা ধরে রাখতে হলে আগে ব্যাটিং করে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে দলকে। আর রান তাড়া করতে নামলে প্রতিপক্ষের দেওয়া লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যে অর্জন করতে হবে। লক্ষ্য যত বড় হবে, নেট রান রেটের সমীকরণ মেলাতে জয়ের সময়সীমাও তত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
সমীকরণ অনুযায়ী, আফগানিস্তান ২০০ রানের লক্ষ্য দিলে ৪০.২ ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে বাংলাদেশকে। ২২০ রানের লক্ষ্য হলে জিততে হবে ৪০.৫ ওভারের মধ্যে। ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে হবে ৪১.১ ওভারের মধ্যে। ২৫০ রানের লক্ষ্য হলে ৪১.৩ ওভারের মধ্যে জয় প্রয়োজন।
একইভাবে ২৬০ রানের লক্ষ্য পেলে ৪১.৪ ওভার, ২৭০ রানের লক্ষ্য পেলে ৪১.৫ ওভার, ২৮০ রানের লক্ষ্য পেলে ৪২ ওভার এবং ৩০০ রানের লক্ষ্য পেলে ৪২.২ ওভারের মধ্যে ম্যাচ জিততে হবে বাংলাদেশকে।
তিন দলের এই প্রতিযোগিতায় প্রতিটি দল গ্রুপ পর্বে অন্য দুই দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলছে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল আগামী ২৩ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে।
ফলে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি হয়ে উঠেছে কার্যত বাঁচা-মরার লড়াই। ফাইনালের টিকিট পেতে হলে বড় জয় তুলে নেওয়ার পাশাপাশি নেট রান রেটের হিসাবেও এগিয়ে থাকতে হবে টাইগারদের।

মন্তব্য করুন