তালাকের মাত্র ২০ দিন পর সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। গাজীপুরের পূবাইলে রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

নিহত আসমা আক্তার নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা। তিনি বাবা-মায়ের সঙ্গে গাজীপুরের খাইলকৈর এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং মাদরাসায় পড়াশোনা করতেন। অভিযুক্ত রফিকুল ইসলাম তাঁর সাবেক স্বামী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে তাঁদের বিয়ে হয়। পারিবারিক বিরোধের জেরে প্রায় ২০ দিন আগে আসমা রফিকুলকে তালাক দেন। রোববার মোবাইল ফোনে আসমাকে পূবাইলের হায়দরাবাদ এলাকার রেললাইনের পাশে দেখা করতে বলেন রফিকুল।

সেখানে আসমা পৌঁছালে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে রফিকুলের বিরুদ্ধে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ভাষ্য, প্রবাসে উপার্জিত অর্থ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। রফিকুলের দাবি, তিনি স্ত্রীকে প্রায় ২০ লাখ টাকা দিয়েছিলেন। এ বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে তিনি পুলিশকে জানিয়েছেন।

ঘটনার প্রকৃত কারণ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখছে পুলিশ।