রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় চার দিনের রিমান্ড শেষে বাংলাদেশ সেনাবাহিনীর দুই অবসরপ্রাপ্ত কর্মকর্তা কাজী গুলশান আরা ও বিজয় দেবাশীষ নারায়ন পালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করেন।
কারাগারে পাঠানোর নির্দেশ পাওয়া দুই আসামি হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল বিজয় দেবাশীষ নারায়ন পাল, বয়স ৪৭ বছর, এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা, বয়স ৪৩ বছর।
এর আগে গত ১৩ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাদের প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, দুই সাবেক সেনা কর্মকর্তা ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টারস আলফা নাম্বার ওয়ান’সহ সরকারবিরোধী বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। এসব গ্রুপের মাধ্যমে তহবিল সংগ্রহ, সহিংসতায় উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগও আনা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, অবসরপ্রাপ্ত কয়েকজন সেনা কর্মকর্তার সমন্বয়ে গঠিত ‘ইউনিটি কেয়ার অ্যান্ড পাবলিক পার্লামেন্ট’ প্ল্যাটফর্মের মাধ্যমে তারা সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আবদুল আজিজ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

মন্তব্য করুন