হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ হাজার ৭৪ জন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২৯৫ জন, চট্টগ্রামে ২৪৬, সিলেটে ১৪২, বরিশালে ১৩২, খুলনায় ১২৬, ময়মনসিংহে ৭২, রাজশাহীতে ৩৭ এবং রংপুরে ২৪ জন রয়েছেন।
এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৬৩ জনের, চট্টগ্রামে ৬৭ জনের এবং খুলনায় নয়জনের।
হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে তিনজন ঢাকার, একজন সিলেটের এবং দুজন চট্টগ্রামের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৭১২ জনের। এ সময়ে নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৬৬ জন।
এ পর্যন্ত দেশে ২ লাখ ৭ হাজার ৩৭১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।

মন্তব্য করুন