হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামের ভেতর লুকানো হীরা, সোনা, প্লাটিনাম, রুবি ও অন্যান্য মূল্যবান পাথরসহ জনি রহমান নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। রোববার (১১ অক্টোবর) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের প্রতিরোধমূলক দল ও বিমানবন্দরে দায়িত্ব পালনরত কর্মকর্তারা নজরদারি শুরু করেন। কলকাতা থেকে আসা একটি ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের আশঙ্কায় বিমানবন্দরের বিভিন্ন স্থানে তল্লাশি জোরদার করা হয়।

একপর্যায়ে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় জনি রহমানের ব্যাগ স্ক্যান করা হয়। এতে আচারের বয়ামের ভেতর ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত হয়। পরে ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, হীরা ও অন্যান্য মূল্যবান পাথর উদ্ধার করা হয়।

এনবিআরের তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে হীরা বসানো ১৮ ক্যারেটের ৩৮৯টি স্বর্ণের আংটি, যার ওজন ৪৭৮ গ্রাম। এ ছাড়া ৪৫০ গ্রাম ওজনের ১৫১টি প্লাটিনামের আংটি, হীরা বসানো সাদা স্বর্ণের অলংকার, রুপার আংটি, স্বর্ণের লকেট, চেইন এবং ৪৭২টি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ৪৫ ক্যারেটের হীরা, পোখরাজ, রুবি ও অন্যান্য মূল্যবান পাথরসহ মোট ৭২০টি পাথর এবং ২৩টি গয়নার সনদপত্র জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা পণ্যের ওজন ১ হাজার ৫৪ গ্রাম বলে জানিয়েছে এনবিআর।

কাস্টমস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উদ্ধার করা অলংকার ও মূল্যবান পাথরের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। এ ঘটনায় জনি রহমানের বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রতিরোধমূলক দলের পক্ষ থেকে থানায় ফৌজদারি মামলা করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।