প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কবিষয়ক একটি সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, জাপান সফরে বাংলাদেশের প্রধান লক্ষ্য থাকবে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা, অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং বিভিন্ন খাতে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করা। বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রগুলোতে সুনির্দিষ্ট অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ।

আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বিভিন্ন খাতে সহযোগিতা এবং পারস্পরিক বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহৎ ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন বৃহৎ প্রকল্পে জাপানের বিনিয়োগ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় করেছে। গত এপ্রিলে জাপানের উদ্যোগে আয়োজিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্বালানি সংকট ও স্থায়িত্ববিষয়ক অনলাইন সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণও দুই দেশের সহযোগিতা বাড়াতে ভূমিকা রেখেছে।

এদিকে, সৌদি আরব সফর প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, দেশটির যুবরাজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। সুবিধাজনক সময়ে শিগগিরই এ সফর অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সৌদি যুবরাজও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। পারস্পরিক সুবিধাজনক সময়ে তাঁকে ঢাকায় স্বাগত জানানো হবে।

মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ও আপসহীন। মুসলিম বিশ্বের পবিত্র স্থান ও মসজিদগুলোর সুরক্ষায় সহযোগিতা চাওয়া হলে বাংলাদেশ প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত থাকবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ যৌথভাবে সেমিনারটির আয়োজন করে। এতে পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।