দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩১ জন।

শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম নয় দিনেই ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের মধ্যে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।

বুলেটিনে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৬৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ হাজার ৮২ জনে।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬২৭ জন। এ পর্যন্ত মোট ৯১ হাজার ৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭০৩ জন। এছাড়া চট্টগ্রামে ২৩৪ জন, বরিশালে ২১৯ জন, খুলনায় ১৮৪ জন, রাজশাহীতে ১৪১ জন, রংপুরে ৭৫ জন এবং ময়মনসিংহে ৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।