বাংলাদেশি স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, দেশে কর্মসংস্থান এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সহজ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) আয়োজিত ‘বাংলাদেশ আর্চ সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহ্দী আমিন বলেন, সরকার স্থাপত্যশিক্ষা ও স্থপতিদের পেশাকে বিশেষ গুরুত্ব দেয়। দেশের তরুণ স্থপতিরা যেন নিজেদের মেধা ও দক্ষতা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নীতিগত ও অবকাঠামোগত সহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের নেওয়া নীতি ও উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশের স্থাপত্য ও অবকাঠামো খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। বিশ্বমানের স্থাপনা নির্মাণ ও দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্থপতিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তরুণ স্থপতিদের কর্মসংস্থান ও উচ্চশিক্ষার বিষয়ে মাহ্দী আমিন বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় এক হাজার শিক্ষার্থী স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জন করছেন। তাঁদের জন্য দেশে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে উচ্চতর স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ সহজ করতে সরকার উদ্যোগ নিচ্ছে।
বাংলাদেশি স্থাপত্য ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। এ লক্ষ্যে আইএবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে (বিএসি) যৌথভাবে কাজ করার আহ্বান জানান, যাতে ক্যানবেরা অ্যাকর্ডের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বাড়ানো যায়।
স্থাপত্যশিক্ষার মানোন্নয়নে সরকারি সহায়তার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, পাঠ্যক্রম আধুনিকায়ন, স্টুডিও ও পরীক্ষাগারের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত উন্নত করতে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অতিরিক্ত শিক্ষক নিয়োগ ও বাজেট বরাদ্দ দিতে সরকার প্রস্তুত রয়েছে।
আইএবির সভাপতি স্থপতি অধ্যাপক ড. শরীফ শামস ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, দক্ষিণ আফ্রিকার স্থপতি কেভিন বিংহ্যাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম মাহবুবুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ হাসান মল্লিক, স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ এবং অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

মন্তব্য করুন