দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪৯ জন। শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৪৩ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৭ জনে।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।
এ সময় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ঢাকায় ৩৫২ জন, চট্টগ্রামে ২৭৪ জন, সিলেটে ১৪৪ জন, বরিশালে ১২৪ জন, খুলনায় ১১৬ জন, ময়মনসিংহে ৮৪ জন, রাজশাহীতে ৪২ জন এবং রংপুরে ১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৭৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন।
এদিকে, একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৮৯৩ জনে। তাঁদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ২২ হাজার ১৯৭ জনের হাম শনাক্ত হয়েছে।
হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা রাখা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

মন্তব্য করুন