চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর আনিকা খাতুন নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর-বেলপাড়া এলাকার রুবেলের ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আনিকা ওই এলাকার আনিকুল ইসলামের মেয়ে। সে জহুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে বাড়ির কাছে পদ্মা নদীর একটি সরু শাখায় গোসল করতে যায় আনিকা। একপর্যায়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়।

স্বজনেরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করেন। তবে রাত ৮টা পর্যন্ত চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় নদীতে আনিকার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করেন।