পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ ও টেকসই বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের বিভিন্ন ইউনিটে পদায়িত কর্মকর্তাদের যোগদানপূর্ব দিকনির্দেশনামূলক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আইজিপি বলেন, বর্তমান বাস্তবতায় বাংলাদেশ পুলিশকে নতুন পথরেখা তৈরি করতে হয়েছে। জনপ্রত্যাশা, মানবাধিকার এবং নারী, শিশু ও বয়স্কদের প্রতি সংবেদনশীলতা বজায় রেখে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। নবীন কর্মকর্তাদের নতুন উদ্যম ও অঙ্গীকার নিয়ে জনগণের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, প্রত্যেক পুলিশ কর্মকর্তাকে বাহিনীর একজন প্রতিনিধি হিসেবে জনগণের পাশে দাঁড়াতে হবে। পুলিশিং একই সঙ্গে সেবা ও চ্যালেঞ্জের বিষয়। গণঅভ্যুত্থান-পরবর্তী সমাজ ও রাষ্ট্রের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে।
নবীন কর্মকর্তাদের ভবিষ্যৎ পুলিশ নেতৃত্ব হিসেবে উল্লেখ করে আইজিপি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। নিয়মিত জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
তিনি আইন ও বিধিবিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর জোর দেন। একই সঙ্গে জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলে পুলিশকে সেবা দেওয়ার আহ্বান জানান।
৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচে মোট ৭২ জন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দিয়েছেন। তাদের মধ্যে ৬৬ জন পুরুষ ও ৬ জন নারী কর্মকর্তা রয়েছেন।

মন্তব্য করুন