কানাডীয় লেখক ও কবি অ্যান কার্সন ২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় সুইডেনের স্টকহোমে সুইডিশ একাডেমির স্থায়ী সচিব ইংগ্রিড কার্লবার্গ এক সংবাদ সম্মেলনে এ বছরের সাহিত্যে নোবেলজয়ীর নাম ঘোষণা করেন। নোবেল পুরস্কারের অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
নোবেল কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের জন্য’ অ্যান কার্সনকে এ পুরস্কার দেওয়া হয়েছে। তাঁর সাহিত্যকর্ম ধ্রুপদী ঐতিহ্যের সঙ্গে সৃজনশীল সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ তৈরি করেছে বলেও উল্লেখ করা হয়েছে।
নোবেল কমিটি জানায়, অ্যান কার্সন তাঁর দীর্ঘ কর্মজীবনে কবিতা লেখার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও অনুবাদের কাজ করেছেন। তাঁর সাহিত্যকর্মের অন্যতম বৈশিষ্ট্য হলো ভাষার প্রতি গভীর অনুরাগ এবং শব্দের নতুন অর্থ অনুসন্ধানের প্রবণতা।
কমিটির ভাষ্য অনুযায়ী, কার্সনের লেখায় একজন ভাষাবিদ ও কবির দৃষ্টিভঙ্গির সমন্বয় স্পষ্ট। শব্দের ব্যুৎপত্তিকে তিনি তাঁর সাহিত্যকর্মের অন্যতম প্রধান উৎস ও যাত্রাবিন্দু হিসেবে বিবেচনা করেন।
১৯০১ থেকে ২০২৫ সাল পর্যন্ত সাহিত্যে মোট ১১৮ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সহ মোট সাত বছর এ বিভাগে কোনো পুরস্কার ঘোষণা করা হয়নি।

মন্তব্য করুন