ভারতের সঙ্গে পানি সহযোগিতা জোরদার করতে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ। এখন এই কমিটিতে ভারতের পক্ষ থেকে যারা প্রতিনিধিত্ব করবেন, তাদের নাম চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত থেকে পানির ন্যায্য হিস্যা পাওয়াই বাংলাদেশের প্রত্যাশা। পানি বণ্টনের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের সমর্থন বাংলাদেশের রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, পানি নিয়ে দুই দেশের সহযোগিতা বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে নিয়মিত ও কার্যকর যোগাযোগ এবং সংলাপ প্রয়োজন। এ লক্ষ্যে বাংলাদেশ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে।
তিনি জানান, কমিটির সঙ্গে আলোচনার জন্য ভারতীয় প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে। বিশেষ করে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা শুরুর জন্য ভারতীয় পক্ষের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
হুমায়ুন কবির আশা প্রকাশ করেন, ভারত খুব শিগগিরই এ বিষয়ে ইতিবাচক সাড়া দিতে পারে। এরপর দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হবে এবং ভবিষ্যতে পানি চুক্তি নবায়নের পথও তৈরি হবে।
তিনি আরও বলেন, দুই দেশের নেতৃত্বের মধ্যে সহযোগিতার মানসিকতা থাকলে পানি নিয়ে আলোচনার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সমাধান সম্ভব।

মন্তব্য করুন